হিমেল হত্যার বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র হিমেল দাশের হত্যাকারীদের বিচার দাবিতে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সহপাঠীরা। গতকাল সোমবার সকালে তাঁরা এ কর্মসূচি পালন করে।গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয় হিমেলের সহপাঠীরা। এরপর দুপুর ১২টার দিকে একই দাবিতে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে স্কুলের ছাত্র ও শিক্ষকেরা অংশ নেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।এদিকে হিমেল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তার দূরসম্পর্কের চাচা সুনীল দাশকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গত রোববার গ্রেপ্তার অন্য দুই আসামি মাহমুদুল ইসলাম ও নজরুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দর হোসেন।৮ মে বেড়ানোর কথা বলে হিমেলকে বান্দরবান নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ৯ মে নির্জন পাহাড়ে নিয়ে তাকে হত্যা করা হয়। দুই দিন পর ১২ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে হিমেল জিপিএ-৫ পেয়ে পাস করে। গত শনিবার পুলিশ বান্দরবানে পাহাড়ের ভেতরে ঝিল থেকে তার লাশ উদ্ধার করে।