হিমেল হাওয়ায় জমজমাট বাণিজ্য মেলা
মাঘ মাসের নবম দিন। একে তো সাপ্তাহিক ছুটি, তার ওপর দিনজুড়ে হিমেল হাওয়ায় কনকনে শীতের আমেজ। এমন দিনে বেশির ভাগ মানুষের ঘরেই থাকার কথা। কিন্তু এই শীত ও ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করেই বাণিজ্য মেলা প্রাঙ্গণ এবং আশপাশের এলাকাজুড়ে ক্রেতা-দর্শনার্থীদের ঢল নামল।
গতকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দৃশ্য ছিল অন্য ছুটির দিনগুলোর মতোই। চোখে পড়ে রোকেয়া সরণির মুখ থেকে আইডিবি ভবন পর্যন্ত সড়কের দুই পাশে স্থবির হয়ে পড়া যানবাহনের সারি, ফুটপাত ধরে হেঁটে চলা জনস্রোত আর মেলার প্রবেশপথ ও টিকিট কাউন্টারগুলোর সামনে মানুষের দীর্ঘ সারি। বেলা গড়ানোর সঙ্গে মেলা প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা পরিণত হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনস্থলে।
মেলায় ঢুকতেই মূল ফটকের সামনে কথা হচ্ছিল রাজারবাগ থেকে আসা তরুণ ব্যবসায়ী আরিফুল ইসলাম ও তাঁর সঙ্গীদের সঙ্গে। তাঁরা প্রত্যেকেই জানালেন, এ দিনের মেলা তাঁদের কাছে হয়ে উঠেছে শীত উপভোগের উপলক্ষ। আরিফুল ইসলাম বলেন, ‘এমনিতে ছুটির দিনগুলোতে বন্ধুবান্ধবসহ মেলায় আসার চেষ্টা করি। অল্প-বিস্তর কেনাকাটার পাশাপাশি আড্ডাটাই বেশি হয়। তবে আজকে আসার তাড়াটা একটু বেশিই ছিল।’
সন্ধ্যার একটু আগে মেলা থেকে বেরিয়ে যানবাহনের অপেক্ষায় থাকা ব্যাংক কর্মকর্তা সোহেল আজাদের হাতে ছিল দুটি বড় আকারের ব্যাগ। একটিতে বিভিন্ন রকমের রান্নার সরঞ্জাম, অন্যটিতে বাচ্চাদের খেলনা। তাঁর স্ত্রী অনন্যা আজাদ আর তিন ছেলে-মেয়ে সবার হাতে পলিথিনে মোড়ানো একটি করে বাহারি হাওয়াই মিঠাই, কয়েকটি বেলুন। সোহেল আজাদ জানালেন, বেলা একটার পর মেলায় ঢুকে তাঁরা মাত্রই বেরিয়েছেন। ভিড় আর ঠান্ডা আবহাওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এত ভিড়ের মধ্যে তো ঠান্ডা লাগার সুযোগ নেই। বরং ভালোই লাগছে।’
তবে ভালো লাগার মধ্যেও মেলার ভেতরে খাবারের দোকানগুলোতে অতিরিক্ত দামের বিষয়ে অসন্তোষ প্রকাশ করলেন পরিবারটির সদস্যরা। অনন্যা আজাদ খানিকটা ক্ষোভের সঙ্গেই বললেন, ‘মেলায় খানিকটা সময় কাটালে কিছু খেতেও ইচ্ছে হয়। কিন্তু মেলার ভেতরের দোকানগুলোতে খাবারের যে দাম রাখা হচ্ছে, তাতে করে আর খাওয়ার ইচ্ছে থাকে না। বাইরের দোকানগুলোর তুলনায় এটি কয়েক গুণ বেশি।’ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মেলার ভেতরে সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ল গৃহস্থালি, পোশাক আর শৌখিন পণ্যের দোকানগুলোতে। অতিরিক্ত ভিড়ের কারণে ক্রেতাদের সামলাতে রীতিমতো গলদঘর্ম হচ্ছিলেন বিক্রয়কর্মীরা। তা সত্ত্বেও হাসিমুখে তাঁদের অনেকে জানালেন, ভালো বেচা-বিক্রির জন্য তাঁরা ছুটির দিনগুলোর জন্যই অপেক্ষা করেন।
অতিরিক্ত ভিড়ের কারণে মেলার ভেতরে দাঁড়িয়ে দল বেঁধে আড্ডা দেওয়ার সুযোগ কম থাকায় এ রকম অনেকের দেখা মিলল মেলার বাইরের বিভিন্ন জায়গায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের গেটের সামনে দাঁড়িয়ে এমন একজন তরুণ ভুট্টা পোড়া খেতে খেতে হাসিমুখে বললেন, ‘অনেকে মেলায় আসেন পছন্দের জিনিস কিনতে। কেউ আসেন বেড়াতে। আমরা আসছি মানুষ দেখতে। যত বেশি মানুষ, মেলায় তত বেশি আনন্দ। ধরেন, আজকে আনন্দমেলায় আছি।’