হিযবুত কর্মীকে প্রত্যয়নকারী নেতাদের বহিষ্কারের দাবি
কুমিল্লার বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে উপজেলা ছাত্রলীগ। গতকাল শনিবার বরুড়ার স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের হয়ে সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ আদেলকে প্রত্যয়নপত্র দেওয়ায় এই দাবি জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে এ ঘটনায় নিন্দাজ্ঞাপন, প্রত্যয়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করার দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পড়েন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।গত ৩০ এপ্রিল কুমিল্লার একটি মসজিদের সামনে হিযবুত তাহ্রীরের লিফলেট বিতরণের সময় আদেলকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবার আদেলের জামিনের আবেদনের সঙ্গে বরুড়া উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেনের প্রত্যয়নপত্র আদালতে দাখিল করা হয়।