হিযবুত তাহ্রীর সন্দেহে গ্রেপ্তার তিন শিক্ষার্থী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের সদস্য সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া তিনজনের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া ওই তিনজন হলেন বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র নাজমুল হুদা, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য এমবিএ পাস করা মো. ইসমাঈল ও সরকারি সিটি কলেজের সাবেক ছাত্র মো. আমিরুজ্জামান।

গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে আজ বৃহস্পতিবার সাত দিন করে রিমান্ডের আবেদন করেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রকিব উদ্দিন। এই আবেদনের প​রিপ্রেক্ষিতে বিকেলে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।

গত মঙ্গলবার রাত আটটার দিকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় হিযবুত তাহ্‌রীরের প্রচারপত্র বিলির সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হিযবুত তাহ্‌রীরের সদস্য বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে তাঁদের নির্দোষ দাবি করে আসামিদের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।