নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন সূর্য সেন হলের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নূরে আলম মো. সিহাব উদ্দিন, একই বিভাগের বিজয় একাত্তর হলের মো. সাইদি হাসান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তারিকুল ইসলাম, নকিব ফারহান ও মো. আলমগীর হোসেন। তাঁদের বিরুদ্ধে ব্যবসায় শিক্ষা অনুষদের শ্রেণিকক্ষ ও শিক্ষকদের কক্ষে গিয়ে হিযবুত তাহরীরের প্রচারপত্র ও সিডি বিতরণের অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারপত্র বিতরণের দৃশ্যটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পড়ে। এ জন্য প্রক্টরিয়াল বিধি ৫ (২) ধারা অনুযায়ী এই পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে জন্য তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, তাঁদের কাউকে আটক করা হয়নি, কারণ দর্শাতে বলা হয়েছে। কেউ যদি সঠিক কারণ দেখাতে না পারেন তাহলে তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে।