নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীরের আরও দুই নেতাকে পুলিশ গতকাল বুধবার গ্রেপ্তার করেছে। এর আগে গ্রেপ্তার হওয়া অন্য আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি দল রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে হিযবুত তাহরীরের প্রতিষ্ঠাতা মিডিয়া সচিব ওয়ায়েস মাহমুদকে গ্রেপ্তার করে। এরপর এসবির দলটি রাজধানীর হাজারীবাগ থেকে নিষিদ্ধ সংগঠনটির আরেক কেন্দ্রীয় নেতা রাকীব খানকে গ্রেপ্তার করে। দুজনের কাছ থেকে সংগঠনটির সাম্প্রতিক তৎপরতার অনেক প্রচারপত্র, পোস্টার ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ওয়ায়েস মাহমুদকে উত্তরা থানার পুলিশ এক দিনের রিমান্ডে নিয়েছে।এ ছাড়া মঙ্গলবার রাতে এসবি রাজধানীর সেগুনবাগিচা এলাকায় হিযবুত তাহরীরের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার গোপন কার্যালয়ে অভিযান চালায়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, আইটি প্রতিষ্ঠানের আড়ালে এটি ছিল হিযবুত তাহরীরের একটি গোপন ঘাঁটি। সেখান থেকে বিপুল কাগজপত্র উদ্ধার করা হয়।এদিকে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করার সময় গ্রেপ্তার হওয়া হিযবুত তাহরীরের সদস্য ওমর ফারুক ও শিফাতকে গতকাল দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই দিন মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া একই সংগঠনের সদস্য আল-মামুন, শাহেদ, সুপ্রিম, মাহবুবুল ইসলাম, মানিকুজ্জামান ও স্বাধীনকে এক দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।