হিযবুত তাহরীরের কর্মীকে ছাত্রলীগের প্রত্যয়নপত্র!
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের হয়ে সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ আদেলকে ছাত্রলীগের সদস্য বলে প্রত্যয়নপত্র দিয়েছেন জেলার বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেন। এ ছাড়া বরুড়া উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়াও আদেলের পক্ষে প্রত্যয়নপত্র দিয়েছেন।গত বৃহস্পতিবার কুমিল্লা জেলা জজ আদালতে আদেলের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সৈয়দ আবদুল্লাহ পিন্টু। এ সময় আদেল ছাত্রলীগের সদস্য এবং তাঁর স্বভাব-চরিত্র ভালো—এমন প্রত্যয়নসহ বরুড়া উপজেলা চেয়ারম্যান, বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত তিনটি প্রত্যয়নপত্র আদালতে দাখিল করা হয়। শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে আদেলকে দুই মাসের জামিন দেন।ছাত্রলীগের নেতার প্রত্যয়নপত্রে আদেলকে ‘ছাত্রলীগের সক্রিয় সদস্য’, আওয়ামী লীগের নেতার প্রত্যয়নপত্রে আদেলকে ‘আওয়ামী পরিবারের সদস্য ও ছাত্রলীগের সমর্থক’ এবং উপজেলা চেয়ারম্যানের প্রত্যয়নপত্রে ‘আদেলের স্বভাব-চরিত্র ভালো’ বলে উল্লেখ করা হয়।জানা গেছে, বরুড়া পৌর এলাকার দেওড়া গ্রামের আবু সাঈদ আদেল গত ৩০ এপ্রিল জুমার নামাজের পর কুমিল্লা শহরের কান্দিরপাড়ের জামে মসজিদের সামনে সরকারবিরোধী লিফলেট বিতরণের সময় ২১টি লিফলেটসহ হাতেনাতে গ্রেপ্তার হন। হিযবুত তাহরীরের কর্মী হিসেবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন মৃধা বাদী হয়ে আদেলের বিরুদ্ধে একটি মামলা করেন।এ ব্যাপারে জেলা জজ আদালতের পিপি মজিবুর রহমান বলেন, ‘পুলিশ হিযবুত তাহরীরের একজন সক্রিয় কর্মীকে হাতেনাতে লিফলেটসহ গ্রেপ্তার করার পরও তাঁকে ছাত্রলীগের কর্মী হিসেবে প্রত্যয়নপত্র প্রদানের বিষয়টি দুঃখজনক।’প্রত্যয়নপত্র প্রদানের বিষয়টি স্বীকার করে বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেন মোবাইল ফোনে বলেন, ভুল করে এই প্রত্যয়নপত্র দেওয়া হতে পারে। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ জানান, তিনি বিষয়টি মনে করতে পারছেন না।গতকাল শুক্রবার এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরী বলেন, ‘হিযবুত তাহরীরের একজন সদস্যকে প্রত্যয়ন দেওয়ার কথা শুনে আমি আশ্চর্য হয়েছি। তাদের বিরুদ্ধে অচিরেই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনও এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।