হিযবুত তাহরীরের চার সদস্য রিমান্ডে
নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে দুই দিনের রিমান্ডে নিয়েছে শাহবাগ থানা পুলিশ।গতকাল রোববার হিজবুত তাহরীরের চার সদস্যকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে মহানগর হাকিম ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র আবদুল হাই, হিসাববিজ্ঞান তৃতীয় বর্ষের মহসিন হোসেন ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের নয়ন। তাঁরা সূর্য সেন হলের আবাসিক ছাত্র। তাঁদের কক্ষ থেকে বেশ কিছু প্রচারপত্র ও জিহাদি বই উদ্ধার করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জাকিরুল ইসলাম ওরফে পরশ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁকেও এ মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে।