হিযবুত তাহ্রীরের তিন নেতার আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্‌রীরের তিন নেতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ওই তিনজনের অভিভাবকেরা যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে তাঁদের হস্তান্তর করেন। 

আজ বেলা সোয়া তিনটার দিকে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের জানান। পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুলিশ জানায়, আত্মসমর্পণের পর তিন তরুণকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের আদালতে পাঠানো হবে।
আত্মসমর্পণকারী তিনজন হলেন যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা এলাকার শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির ওরফে সজল (৩২), একই এলাকার এ কে এম শরাফত মিয়ার ছেলে মেহেদি হাসান ওরফে পাশা (২০) ও ধর্মতলা মোড়ের আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনজনই হিযবুত তাহ্‌রীরের নেতা পর্যায়ের সদস্য। এঁদের মধ্যে সাদ্দাম ইয়াসির সংগঠনের ‘মোশরেক’ ও অপর দুইজন ‘শাবাব’ পদধারী। মোশরেক অপেক্ষাকৃত উঁচু পদ বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান আহমেদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি ও অভয়নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। সম্প্রতি ছাপানো পুলিশের জঙ্গিবিরোধী সচেতনতামূলক পোস্টারে রায়হানের নাম ও ছবি রয়েছে। আবু আবদুল্লাহ বিন রহমান নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে তাঁরা তাঁদের কার্যক্রম পরিচালনা করতেন। সংগঠনের যশোর ও সাতক্ষীরা অঞ্চলের সমন্বয়কারী হিসেবে সাদ্দাম ইয়াসির দায়িত্ব পালন করতেন।
তিন নেতার আত্মসমর্পণের পর খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ জামান সংবাদ সম্মেলনে বলেন, ‘তিন তরুণ নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন, এ জন্য তাঁদের অপরাধের ধরন বিবেচনা করে আইনি সহায়তা দেওয়া হবে।’
সংবাদ সম্মেলন শেষে ডিআইজি মনির-উজ-জামান প্রথম আলোকে বলেন, ‘জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত তরুণেরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন। এটা একটা পজেটিভ (ইতিবাচক) দিক। আমরা এমন কোনো পরিবেশ সৃষ্টি করব না যাতে তারা আতঙ্কিত হয়ে পড়ে। আমরা চাই, সবাই আইনি প্রক্রিয়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসুক।’

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, তিন তরুণের পরিবারের স্বজনেরা তাঁদের আত্মসমর্পণ করানোর জন্য বিভিন্ন মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁরা তাঁদের ছেলেদের নিয়ে পুলিশ লাইনে আসেন।