হিযবুত তাহরীরের নেতা পাঁচ দিনের রিমান্ডে
রাজশাহীতে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের বিভাগীয় সমন্বয়কারী মাহমুদুর রশিদ অভির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগরের রাজপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, আজ সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মাহমুদুর রশিদকে রাজপাড়া থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করে। পিবিআইয়ের পরিদর্শক আনোয়ার আলী বাদী হয়ে মামলাটি করেছেন।
গতকাল বুধবার ভোরে রাজশাহী মহানগরের তেরখাদিয়া এলাকার নিজ বাসা থেকে পিবিআই সদস্যরা মাহমুদুর রশিদকে গ্রেপ্তার করে।
পিবিআইয়ের ঢাকা ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর বলেন, নগরের তেরখাদিয়া এলাকার বাড়ি থেকে মাহমুদুর রশিদকে গ্রেপ্তার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে মাহমুদুর রশিদ আইএসের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন। তাঁরা ইয়েমেনের বংশোদ্ভূত আইএসের এক দার্শনিক নেতার অনুসারী বলে জানিয়েছেন।