হিযবুত তাহরীরের মাওলাকে গুমের অভিযোগ স্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তি পাওয়ার পর হিযবুত তাহ্রীরের জ্যেষ্ঠ উপদেষ্টা সৈয়দ গোলাম মাওলাকে ১৯ সেপ্টেম্বর বিকেলে কারা ফটক থেকে ডিবি পরিচয় দিয়ে কিছু লোক তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শাহিদা আহমেদ। তাঁর দাবি, মাওলাকে গুম করা হয়েছে।গতকাল সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে শাহিদা আহমেদ এ অভিযোগ করেন। আর সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গোলাম মাওলাকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে।গোলাম মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। তিনি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহ্রীরের এ দেশে অন্যতম প্রতিষ্ঠাতা বলে মনে করে পুলিশ।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইনজীবী মনসুর হাবিবের চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহিদা অভিযোগ করেন, ১৯ সেপ্টেম্বর বিকেলে গোলাম মাওলার জামিনদার তাঁর শ্বশুর লতিফ আহমেদ কারা ফটকে যান। কারাধ্যক্ষ (জেলার) আবুল বাশারকে তিনি প্রয়োজনীয় কাগজপত্র দেখান। কিন্তু কারাধ্যক্ষ জামিনদারের হাতে মাওলাকে তুলে না দিয়ে ডিবি পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তির হাতে তুলে দেন।শাহিদা আহমেদ বলেন, গত চার দিনে মাওলাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁর পরিবার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও কিছু জানানো হয়নি। এ ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশনসহ দেশি-বিদেশি সব মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তিনি।এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ আবুল বাশার গতকাল প্রথম আলোকে বলেন, জামিনের পর সব প্রক্রিয়া শেষ করে আইন অনুযায়ী গোলাম মাওলাকে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারের বাইরে তাঁর কিছু হলে সে ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের কিছু বলার নেই।তবে গতকাল সন্ধ্যায় ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম জানান, গতকাল দুপুরে গুলশান-২ নম্বর এলাকায় হিযবুত তাহ্রীর একটি বিক্ষোভ মিছিল করে। সেই মিছিল থেকে পুলিশ মাকসুদুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে। তাঁর তথ্যমতে বিকেল সাড়ে চারটার দিকে গুলশান আজাদ মসজিদের সামনে থেকে মিছিলের পরিকল্পনাকারী হিসেবে গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে করা উত্তরা থানার একটি মামলায় ২০১০ সালের ৮ জুলাই গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়।