হিযবুত তাহরীরের মিছিল ও ককটেল, আটক ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুন বাগিচা এলাকায় আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্যরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তাঁরা।

পুলিশ ধাওয়া দিলে হিযবুত তাহরীরের সদস্যরা আশপাশের ভবনে পালিয়ে যান। রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ভবন থেকে লুকিয়ে থাকা ১২ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর সেগুন বাগিচা মসজিদ থেকে ব্যানার হাতে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন হিযবুত তাহরীরের শতাধিক যুবক। তাঁরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল  ছোড়েন। পুলিশ তাঁদের ধাওয়া দিলে আশপাশের বিভিন্ন ভবনে তাঁরা লুকিয়ে পড়েন। এ সময় রিপোর্টার্স ইউনিটির পাশের একটি ভবন থেকে ১২ জনকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভ্রাম্যমাণ পরিদর্শক শহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, আটক হওয়া ব্যক্তিদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের কাছে কাফনের কাপড়, ব্যানার, লিফলেট পাওয়া গেছে।