হিযবুত তাহরীরের যুগ্ম সমন্বয়কারীসহ চারজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের যুগ্ম সমন্বয়কারী কাজী মোর্শেদুল হকসহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম রোকসানা আক্তার গতকাল বৃহস্পতিবার মোর্শেদুলের তিন দিন এবং সংগঠনের অন্য তিন সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।উত্তরা মডেল থানার পুলিশ মোর্শেদুলকে গতকাল হাকিম আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন।উত্তরা থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) কর্মকর্তা উপরিদর্শক (এসআই) নওজেস আলী আদালতকে বলেন, আসামি মোর্শেদুল হক সংগঠনের অন্য সহযোগীদের নিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তা ছাড়া আসামি মোর্শেদুল হকের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের যোগাযোগ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।মোর্শেদুলের আইনজীবী রেজাউল করিম সরকার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, আসামি মোর্শেদুল সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত—মামলায় এমন কোনো প্রমাণ নেই। তা ছাড়া আসামি একজন কম্পিউটার সফটওয়্যার প্রকৌশলী। আসামি মোর্শেদুল অসুস্থ, মামলার তদন্তের প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারেন। শুনানি শেষে আদালত একটিতে দুই দিনের, অন্যটিতে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।কাজী মোর্শেদুল হককে গত বুধবার আটক করে র‌্যাব। পরে তাঁকে উত্তরা মডেল থানায় হস্তান্তর করা হয়।হিযবুত তাহরীর বাংলাদেশের অন্য তিন সদস্য তানভীর আহমেদ, তাওহীদুল আলম ও সাইদুর রহমানকে দুই দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।