হিযবুত তাহরীরের সমন্বয়কারী গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র ও সংগঠনের কাগজপত্রসহ সোহান ইয়াছির ইকবাল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রামের দেবপাহাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার সোহান চট্টগ্রামে হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কারী বলে পুলিশ দাবি করেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, সোহানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে
মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি রাখা হয়েছে। সোহানকে মঙ্গলবার (আজ) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে।
ওসি আজিজ আহমেদ জানান, সোহানের বিরুদ্ধে পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে ২০১১ সালের ১ এপ্রিল গ্রেপ্তার হন সোহান ও তাঁর ভাই সাফায়াত ইয়াছির ইকবাল। ১০ মাস পর তাঁরা জামিনে বেরিয়ে আসেন। ছয় মাস আগে তাঁর ভাইকে আবার গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে রয়েছেন।
ওসির দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস করার পর হিযবুত তাহরীরের অন্যতম সংগঠক হিসেবে কাজ শুরু
করেন সোহান। এখন কোনো চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত না থাকলেও গোপনে বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া ছাত্রদের মধ্যে হিযবুত তাহরীরের আদর্শ প্রচারের কাজ করছিলেন।