হিযবুত তাহরীরের হঠাৎ মিছিল দ্রুত পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহর বাংলাদেশ গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় হঠাৎ মিছিল করেছে। প্রায় পাঁচ মিনিট স্থায়ী এই মিছিল শেষে অংশগ্রহণকারীরা সিএনজিচালিত অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যান।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ৩০-৩৫ জন যুবক চেরাগী পাহাড় থেকে মিছিল শুরু করে। মিছিলে হিযবুত তাহরীরের কয়েকটি ব্যানার বহন করা হয়। মিছিলের পেছন পেছন ছিল সিএনজিচালিত পাঁচ-ছয়টি খালি অটোরিকশা। মিছিলকারীরা শেখ হাসিনার সরকারকে অপসারণের আহ্বান জানিয়ে স্লোগান দেন। পাশাপাশি তাঁরা মার্কিন ও ভারতবিরোধী স্লোগান দিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে পৌঁছান। তাঁরা প্রেসক্লাবের রেলিংয়ে নিষিদ্ধ সংগঠনটির ছয়টি ব্যানার টানিয়ে দেন এবং একটি মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করেন। এর পরপরই তাঁরা মিছিলের পেছনে আসা অটোরিকশাগুলোতে উঠে দ্রুত পালিয়ে যান। মূল ব্যানারে লেখা ছিল ‘চট্টগ্রাম ক্রসেডার মার্কিনীদের সামরিক মহড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল’। পরে দুপুর একটার দিকে পুলিশ সেখানে গিয়ে ব্যানারগুলো খুলে নিয়ে যায়। হিযবুত তাহরীরের মিছিল সম্পর্কে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘আমরা খবর পেয়েছি, ওরা পাঁচ মিনিটের মতো মিছিল করেছে। এখন আমরা ছবিগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। ছবি দেখে তাদের বিরুদ্ধে অভিযানে যাব। এ ছাড়া গোয়েন্দা পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে।’