হিযবুত তাহরীরের ১১ সদস্যকে ধরিয়ে দিতে পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ১১ সদস্যকে ধরিয়ে দিতে পোস্টার ছাপিয়েছে যশোর পুলিশ। পোস্টারে যশোর শহরের কাজীপাড়া কদমতলা এলাকার একই পরিবারের ছয়জনের নাম রয়েছে। যশোরের এসপি আনিসুর রহমান মঙ্গলবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ওই পোস্টার প্রকাশ করেন।
আনিসুর রহমান বলেন, পোস্টারের ১১ জনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। তাঁদের সবার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য এ পোস্টারের মাধ্যমে জনগণকে আহ্বান জানানো হয়েছে। এসব পোস্টার দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে।
এর আগে গত জুলাইয়ের প্রথম দিকে যশোরের পুলিশ পাঁচজনকে জঙ্গি আখ্যা দিয়ে শহরে পোস্টার টানায়। পোস্টারে নিখোঁজ হিসেবে প্রথমে যাঁর নাম ছিল, তিনি যশোর শহরের শংকরপুর এলাকার কামরুজ্জামান তুহিন। পোস্টার প্রকাশের কয়েক দিনের মধ্যে ২৪ জুলাই নববধূ নিয়ে বাড়িতে ফেরেন তিনি। পরে পুলিশ তাঁর বিরুদ্ধে জঙ্গি–সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি বলে আদালতে প্রতিবেদন দাখিল করলে মুক্তি পান তুহিন। একই পোস্টারে ২ নম্বরে ছিলেন যশোরের কেসমত নওয়াপাড়ার ফজলে রাব্বি। নারায়ণগঞ্জে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে নিহত হন তিনি। ৩ নম্বরে থাকা রায়হান আহমেদ ইতিমধ্যে যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ওই পোস্টারের অন্য দুজন হলেন শার্শার মেহেদী হাসান ও জি এম নাজিম উদ্দীন। নতুন পোস্টারে এ দুজনের নাম যুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, নতুন পোস্টারে নাম-পরিচয় প্রকাশ করা ১১ জনের মধ্যে একই পরিবারের সদস্য আছেন ছয়জন।
পুলিশ বলছে, মাকসুদার স্বামী ঢাকার কল্যাণপুরের শাকির আহম্মেদ ও মাছুরার স্বামী জামালপুরের মাদারগঞ্জ এলাকার নাজমুল হাসানও জঙ্গি তৎপরতায় জড়িত।
তানজিব-মাকসুদাদের বাড়িতে তালা: যশোরে কদমতলা এলাকার তানজিব-মাকসুদাদের বাড়িতে গতকাল বুধবার গিয়ে দেখা যায়, বাড়ির ফটকে তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দারা বলেন, মাস দেড়েক আগে থেকে তালা ঝুলছে। তাঁরা শুনেছেন, এ বাড়ির ছেলেমেয়েরা ঢাকায় পড়াশোনা করেন। তাঁদের মা মাজেদা বেগম মানসিক প্রতিবন্ধী। তিনি কোথায় থাকেন, তা কেউ জানেন না।