হিযবুত তাহ্রীর গোপনে সক্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোপনে সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীর। সংগঠনের সদস্যরা এক মাস ধরে ক্যাম্পাসে পুরোদমে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছে। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেনের প্রত্যেক কোচে (বগি) হিযবুত তাহ্রীরের পোস্টার সাঁটানো রয়েছে। এ ছাড়া চাকসু ভবনসহ ক্যাম্পাসের আরও কয়েকটি জায়গায়ও পোস্টারিং করেছে তারা। পোস্টারে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে প্রত্যাখ্যান করে ইসলামি খেলাফত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুই নেত্রীকে ভারতের দালাল হিসেবে উল্লেখ করা হয়।সূত্র জানায়, ২০০৫ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিযবুত তাহ্রীর প্রকাশ্যে কার্যক্রম শুরু করে। তবে জননিরাপত্তার জন্য হুমকি ও জঙ্গি মদদের অভিযোগে ২০০৯ সালের ২২ অক্টোবর সরকার সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এর পর থেকে গোপন তৎপরতা অব্যাহত রাখে সংগঠনটি। সংগঠনটি উগ্রপন্থী কর্মকাণ্ডে তরুণ সমাজকে সম্পৃক্ত করার চেষ্টা অব্যাহত রেখেছে। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনে যুক্ত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হিযবুত তাহ্রীরের গোপন তৎপরতা সম্পর্কে আমরা জানি। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দেখামাত্রই গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘রাতের আঁধারে এসব পোস্টার লাগানো হয়েছে। সাঁটানো অনেক পোস্টার আমরা তুলে ফেলেছি।’