হিযবুত তাহ্রীর সন্দেহে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে রিসাদ খান (২২) ও মো. ফয়সাল (২৩) নামের দুই তরুণকে গতকাল সোমবার ভোরে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রিসাদ খান বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানের ছেলে। এ ব্যাপারে জানতে চাইলে মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, ‘সে বন্ধুদের সঙ্গে গানের দল করত বলে জানতাম। এরপর গতকাল সকালে তার গ্রেপ্তারের খবর শুনে আমি আকাশ থেকে পড়ি। কীভাবে এ ঘটনা ঘটল, সে বিষয়ে বিস্তারিত বলতে পারব না। আমি ভীষণ বিপন্ন বোধ করছি।’মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল ভোর সোয়া চারটার দিকে মোহাম্মদপুর থানার উপসহকারী পরিদর্শক রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল নূরজাহান রোড এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁরা দেয়ালে হিযবুত তাহ্রীরের পোস্টার লাগানোর চেষ্টা করছিলেন। পুলিশ তাঁদের কাছ থেকে ১৬টি পোস্টার জব্দ করেছে।রিসাদ ও ফয়সালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাঁদের গতকাল বিকেলে আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড আবেদনের শুনানির জন্য ৭ ডিসেম্বর তারিখ ধার্য করেন।এদিকে নূরজাহান রোডের যে বাসার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়, সেই বাসার বাসিন্দা জোছনা বেগম বলেন, গতকাল ভোরে জানালার পাশে ধস্তাধস্তির শব্দ শুনে তাঁরা বের হয়ে দেখেন, পুলিশ একজনকে ধরে ভ্যানে তুলছে। আরেকজন ভ্যানে বসে রয়েছে।গ্রেপ্তারের পর মহানগর পুলিশের কার্যালয়ে (ডিবি) রিসাদ প্রথম আলোকে বলেন, তিনি এবার ‘এ লেভেল’ পরীক্ষা দিয়েছেন। তাঁর দাবি, তিনি নূরজাহান রোডে দাঁড়িয়ে বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত কি না, তা জানতে চাইলে রিসাদ বলেন, ‘তা আপনাকে বলব কেন? সেটা কোর্টে বলব।’