হিযবুত তাহ্রীরের আরও চার সদস্য রিমান্ডে
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের আরও চার সদস্যকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল শনিবার তাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ।নিষিদ্ধ সংগঠনটির এই চার সদস্য নাসির উদ্দিন মজুমদার জিলানী, রাকিব উদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ ও ওমর শরীফকে শুক্রবার রাতে রাজধানীর কলাবাগান থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি দল গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছে থেকে হিযবুত তাহ্রীর সংগঠনের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। পরে কলাবাগান থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। গতকাল তাঁদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে হিযবুত তাহ্রীরের আরেক প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ গোলাম মাওলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক গোলাম মাওলা এ দেশে হিযবুত তাহ্রীরের অন্যতম প্রতিষ্ঠাতা ও নীতিনির্ধারকের মধ্যে গুরুত্বপূর্ণ। ন্যায়বিচারের দাবি শিক্ষক সমিতির: এদিকে অধ্যাপক গোলাম মাওলাকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তিনি যেন ন্যায়বিচার পান, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে সমিতির পক্ষ থেকে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।শুক্রবার রাতে শিক্ষক সমিতির কার্যকর পরিষদের এক সভায় এ দাবি জানানো হয় বলে গতকাল সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।