হিযবুত তাহ্রীরের আরও দুই সদস্য গ্রেপ্তার
হিযবুত তাহ্রীর সদস্য সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজধানীর গুলশান থানাধীন নর্দ্দা এলাকা থেকে গত রোববার রাতে গ্রেপ্তার হওয়া এই দুজন হলেন: ফজলে ওহাব ওরফে লিটু (৪৩) ও আশফাক-ই-জামান (৩৫)। তাঁদের গতকাল সোমবার সকালে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়।সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, নর্দ্দা বাজারের দুটি বাড়িতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে সরকারবিরোধী উসকানিমূলক বিভিন্ন প্রচারপত্র, রাষ্ট্রবিরোধী পুস্তিকা, তাঁদের কল্পিত খেলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান, হিযবুত তাহ্রীরের বেশ কিছু ডায়েরি, এ কাজে ব্যবহূত তিনটি ল্যাপটপ, একটি কম্পিউটারের সিপিইউ ও সংগঠনটির বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজন নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী গোপন সংগঠন হিযবুত তাহ্রীরের পক্ষে অন্যান্য সদস্যের সঙ্গে গুলশান, বারিধারা ও এর আশপাশের এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ড চালাতেন।তবে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া ফজলে ওহাব ও আশফাক হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। ফজলে ওহাব দাবি করেন, তিনি আগে পারিবারিক ব্যবসা চালাতেন। এখন তাবলিগ জামায়াতের সঙ্গে জড়িত।ডিবির কর্মকর্তারা বলেন, তাঁদের ধারণা, ফজলে ওহাব তাবলিগ জামায়াতকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে হিযবুতের গোপন তৎপরতায় জড়িত। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর আশফাক দাবি করেন, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রযুক্তি শাখার প্রধানের দায়িত্বে রয়েছেন। তাঁর ছোট ভাই আগে হিযবুত তাহ্রীর করত। সংগঠনটিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করার পর ছোট ভাইও আর এই সংগঠনের সঙ্গে জড়িত নেই।গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার তারিক বিন রশিদ প্রথম আলোকে বলেন, আশফাক এলজিইডির স্থায়ী কর্মী নন। তিনি একটি প্রকল্পের প্রযুক্তি শাখা দেখেন। তাঁর অফিসের ল্যাপটপে হিযবুতের প্রচারপত্র ও পোস্টারের কপি পাওয়া গেছে।এর আগে গত রোববার রাজধানীর বাসাবো এলাকা থেকে হিযবুত তাহ্রীর সদস্য সন্দেহে গ্রেপ্তার হওয়া আনিছুজ্জামানকে গতকাল সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।