হিযবুত তাহ্রীরের আরও ৩ সদস্যের আত্মসমর্পণ
যশোর পুলিশের জঙ্গিবিরোধী পোস্টারে নাম ও ছবি থাকা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্য আত্মসমর্পণ করেছেন। তিনজনই একই পরিবারের সদস্য। সম্পর্কে তাঁরা ভাই-বোন। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার বাসিন্দা তানজিব আহমেদ ওরফে আশরাফুল, তানজীর আহমেদ ও মাছুরা আক্তার। তাঁদের বাবা আবদুল আজিজ জর্ডানপ্রবাসী।
সম্প্রতি যশোর পুলিশের পক্ষ থেকে জঙ্গি হিসেবে পরিচয় দিয়ে ১১ জনের ছবিসহ পোস্টার ছাপিয়ে শহরের বিভিন্ন স্থানে টাঙানো হয়। সেখানে এই তিনজনের নাম-ঠিকানা ও ছবি রয়েছে।
এর আগে গত আগস্ট মাসে হিযবুত তাহ্রীরের আরও চার সদস্য যশোরের পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন। এঁদের মধ্যে যশোরের খোলাডাঙ্গা কদমতলা এলাকার সাদ্দাম ইয়াসির ওরফে সজল, একই এলাকার মেহেদি হাসান ওরফে পাশা (২০) এবং ধর্মতলা মোড়ের রায়হান আহমেদ ১১ আগস্ট আত্মসমর্পণ করেন। ২১ আগস্ট সদর উপজেলার আরবপুর এলাকার ফকরুল আলম ওরফে তুষার (২১) আত্মসমর্পণ করেন। তুষার যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এ বছর ডিপ্লোমা পাস করেছেন।
আত্মসমর্পণের পর সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ জামান গতকাল সংবাদ সম্মেলনে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতার নেতিবাচক দিক অনুধাবন করে নিজেদের ভুল বুঝতে পেরে এবং অনুতপ্ত হয়ে এ পর্যন্ত যশোর পুলিশের কাছে হিযবুত তাহ্রীরের সাত সদস্য আত্মসমর্পণ করেছেন। যেহেতু এই তরুণেরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন, তাই তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে।
আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে তানজিব আহমেদকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি ভুল বুঝে হিযবুত তাহ্রীরের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাই। এ জন্য আমরা তিন ভাই-বোন যশোরের পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেছি।’