হিযবুত তাহ্রীরের আরেক সদস্যের আত্মসমর্পণ
যশোরে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের আরেকজন সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁর নাম ফকরুল আলম ওরফে তুষার (২১)।
ফকরুল যশোর সদর উপজেলার আরবপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এ বছর ডিপ্লোমা পাস করেছেন। গতকাল রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ জামান এসব কথা জানান।
ফকরুল সাংবাদিকদের বলেন, বছর দুই আগে ধর্মতলা মোড়ে চা-দোকানে আড্ডার সময় মামাতো ভাই রায়হানের মাধ্যমে সংগঠনটির রাজনীতির সঙ্গে তাঁর পরিচয় ঘটে। প্রায় ছয় মাস সংগঠনটির কয়েকজনের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়। সংগঠনের নেতাদের তেমন চেনা-জানা নেই। আত্মসমর্পণের কারণ সম্পর্কে ফকরুল বলেন, ‘তারা (সংগঠনের অনুসারীরা) দেশের আইন বা শাসন পদ্ধতি মানে না। ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করতে চায়। যা আমার কাছে ভুল মনে হয়েছে।’
ডিআইজি বলেন, দেশব্যাপী জঙ্গি-সন্ত্রাসী তৎপরতার নেতিবাচক দিক, জঙ্গিদের প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মনোভাবে নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে ফকরুল আত্মসমর্পণ করেছেন। যেহেতু এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন, সে কারণে তাঁর বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে। একই সঙ্গে তাঁর পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১১ আগস্ট সংগঠনটির আরও তিনজন সদস্য যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তাঁরা হলেন যশোর শহরের খোলাডাঙ্গা কদমতলা এলাকার সাদ্দাম ইয়াসির ওরফে সজল (৩২), একই এলাকার মেহেদি হাসান ওরফে পাশা (২০) ও ধর্মতলা মোড়ের রায়হান আহমেদ (২০)।