হিযবুত তাহ্রীরের কর্মী সন্দেহে চার ছাত্র আটক
হাইকোর্টের সামনে কদম ফোয়ারা ও জাতীয় প্রেসক্লাবের মাঝামাঝি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে। তাঁরা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।আটক ব্যক্তিরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মোহাম্মদ আজিজ (২২), একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র জাহাঙ্গীর আলম (২৭), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএর ছাত্র আবদুল্লাহ আল মবিন (২৬) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সৈয়দ মোহাম্মদ গালিব (৩০)।শাহবাগ থানার অপারেশন কর্মকর্তা এম এ জলিল জানান, সরকার উৎখাতের দাবিতে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের ব্যানারে বের করা বিক্ষোভ মিছিল থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাধ্যক্ষের ছেলে। থানায় নাম-ঠিকানা লেখার সময় তিনি এই পরিচয় দিয়েছেন। তাঁরা সবাই গতকাল রাত নয়টা পর্যন্ত শাহবাগ থানাহাজতে ছিলেন।