হিযবুত তাহ্রীরের ঝটিকা মিছিল একজন গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীর গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঝটিকা মিছিল বের করে। অবশ্য পুলিশের বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল থেকে এক তরুণকে গ্রেপ্তার করা হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া তরুণ হিযবুত তাহ্রীরের কর্মী। তাঁর নাম শাহাদাত হোসেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গতকাল সকালে হাইকোর্টের ঈদগাহসংলগ্ন ফটকে কিছু তরুণ জমায়েত হতে শুরু করে। দুপুর পৌনে ১২টার দিকে প্রায় শ খানেক তরুণ হিযবুত তাহ্রীরের ব্যানার নিয়ে হঠাৎ মিছিল শুরু করে। মিছিলটি ঈদগাহ ফটক থেকে কদম ফোয়ারা হয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের রাস্তায় যেতে থাকে। এ সময় প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত এসে মিছিলটি ছত্রভঙ্গ করে দেন। পুলিশ মিছিল থেকে শাহাদাতকে ধরে ফেলে। তখন মিছিলকারীদের কয়েকজন এসে পুলিশকে মারধর করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। দৌড়ে পালানোর সময় শাহাদাত পা ফসকে পড়ে গেলে পথচারীদের সহযোগিতায় পুলিশ তাঁকে ধরে ফেলে।