হিযবুত তাহ্রীরের দুই সদস্য রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই দুজন হলেন তোতা মিয়া ও মাহবুবুর রহমান।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ওই দুজনের জামিনের আবেদন নাকচ করেন।
গতকাল মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ওই দুজনকে আদালতে হাজির করে তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানান।
আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারি খিলগাঁও থানার পূর্ব গোড়ানের একটি বাসা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে যান। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হিজবুত তাহ্রীরের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন। তাঁরা পলাতক তিন আসামির নামও বলেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক আসামিদের বিষয়ে জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত দুজনের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।