হিযবুত তাহ্রীরের মোরশেদুল রিমান্ডে
নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীর বাংলাদেশের যুগ্ম সমন্বয়ক কাজী মোরশেদুল হককে দুই মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম সৈয়দা মিনহাজ উম মুনিরা এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল পৃথক দুটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে কাজী মোরশেদুল হককে আদালতে হাজির করে পুলিশ। ওই দুটি মামলায় গতকাল আরও সাত দিন করে মোট ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান উত্তরা মডেল থানার পুলিশ। উত্তরা থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নওজেস আলী আদালতকে বলেন, কাজী মোরশেদুল হক হিযবুত তাহ্রীরের কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। উগ্রপন্থী ধর্মীয় সংগঠনের অর্থের উৎস সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া হিযবুত তাহ্রীর বাংলাদেশের অন্য তিন সদস্য তানভীর আহমেদ, তাওহীদুল আলম ও সাইদুর রহমানকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।