নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর, বাংলাদেশের সাবেক প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র মহিউদ্দীন আহমেদ নিজের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেন, হিযবুত তাহ্রীরের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। সম্প্রতি তাঁকে নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য আসছে। তাই দেশবাসীর কাছে নিজের অবস্থান পরিষ্কার করতে বিবৃতিটি দিয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সহযোগী অধ্যাপক মহিউদ্দীন আহমেদ ১৪ জুলাই লেখা এই বিবৃতিতে বলেন, ২০০৯ সালের ২৩ অক্টোবর থেকে ২০১০ সালের ২০ এপ্রিল পর্যন্ত তিনি তাঁর বাসভবনে গৃহবন্দী ছিলেন। ২০১০ সালের ২১ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ২০১০ সালের ফেব্রুয়ারি-মার্চে দায়ের হওয়ার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি দাবি করেন, যেসব ঘটনার পরিপ্রেক্ষিতে যে সময়ে ওই মামলাগুলো হয়, সে সময় তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন।
বিবৃতিতে মহিউদ্দীন বলেন, সব মামলায় আদালতের স্থায়ী জামিন পেয়ে তিনি ২০১২ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান এবং পরবর্তী সময় কর্মস্থলে যোগদানপত্র দিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমার সার্বিক অবস্থা তুলে ধরি এবং এটাও জানাই যে, আমার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের কোনোরূপ সম্পৃক্ততা নেই। আমি উক্ত সংগঠনের প্রধান সমন্বয়কারী বা মুখপাত্র কোনো কিছুই নই। আমি সংগঠনটির এমনকি সাধারণ সদস্যও নই। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টি অবগত আছেন।’
বিবৃতিতে মহিউদ্দীন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটাও জানিয়েছেন যে তিনি ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত হবেন না। বিজ্ঞপ্তি।