হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৩ জনের রিমান্ড মঞ্জুর
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
ওই তিন ব্যক্তি হলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র নাজমুল হুদা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে সদ্য এমবিএ পাস করা মো. ইসমাঈল ও সরকারি সিটি কলেজের প্রাক্তন ছাত্র মো. আমিরুজ্জামান।
পুলিশ জানায়, নগরের এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় হিযবুত তাহ্রীরের প্রচারপত্র বিলির সময় গত মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রকিব উদ্দিন। আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।