হিযবুত তাহ্রীরের ১৬ সদস্যের চার দিনের রিমান্ড
হিযবুত তাহ্রীরের ১৬ সদস্যকে পৃথক দুটি মামলায় চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, ১৩ আগস্ট শনিবার দুপুর সাড়ে ১২টায় হিযবুত তাহ্রীরের ৪০-৫০ জন সদস্য মুক্তাঙ্গনে মিছিল সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের ওপর আক্রমণ করেন। তাঁদের ইটের আঘাতে দুজন পুলিশ কর্মকর্তা আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে।এ ঘটনায় সন্ত্রাস দমন আইন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করা হয়। পল্টন থানার পুলিশ এ দুটি মামলায় তাঁদের ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত শুনানি শেষে যথাক্রমে তিন দিন ও এক দিন মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন: রাদি শফিক, মনিরুল ইসলাম, জামিলুর রহমান, সাব্বির আহমেদ ওরফে আকাশ, শাহাবুদ্দিন, শরীফ শাহ মিরাজ, আসিফ রহমান, সৈয়দ জায়িম আবদুল্লাহ, এস এম সায়েদুল ইসলাম, আহমেদ নিজাম, শাফায়েত উল্লাহ ওরফে শাওন, মো. হাবিবুর রহমান, মো. ফয়সাল, আশিকুর রহমান, জাহিদুল ইসলাম ও জাহিদ হোসেন মিলন। তাঁদের মধ্যে ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অন্যরা রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র।