নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চট্টগ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার করা চারজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফয়সল বিন আজিজ, হিসাববিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র সুলতান মাহমুদ, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম ও চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফখরুল আবেদীন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে বলেন, নগরের বাকলিয়া কল্পলোক এলাকায় গত রোববার বিকেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ফয়সল বিন আজিজকে প্রথমে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত বলে জানান। ‘আদর’ নামের এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে হালিশহরের বাসা থেকে বাকলিয়া এসেছিলেন তিনি।
ওসি বলেন, ফয়সালের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ মোমিনবাগ এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাঁর সহযোগী সুলতান, আরিফ ও ফখরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে হিযবুত তাহ্রীরের ৫০টি লিফলেট, ৬০টি প্রেস বিজ্ঞপ্তি ও পাঁচটি সাংগঠনিক বই উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।
গতকাল সন্ধ্যায় চারজনকে চট্টগ্রাম আদালতে আনা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই ইমন চৌধুরী আসামিদের জিজ্ঞাসাবাদ করতে কোনো রিমান্ডের আবেদন করেননি আদালতে। তিনি বলেন, কয়েক দিনের মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করা হবে। গতকাল আদালতে আসামিদের কোনো স্বজন ও আইনজীবী ছিলেন না।
আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার চারজন প্রথম আলোর কাছে নিজেদের জঙ্গি নন দাবি করেন। গ্রেপ্তার ফয়সল বিন আজিজের বাসা নগরের হালিশহরে। তিনি কেন বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় গিয়েছেন, জানতে চাইলে বলেন, ‘আদর নামের এক বড় ভাই কল করেছিলেন। তাই দেখা করতে গেছি। তার আগে পুলিশ ধরে ফেলে।’ বড় ভাইয়ের পরিচয় জানাননি ফয়সল।
পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার আরেক আসামি সুলতান মাহমুদ বলেন, হিযবুত তাহ্রীরের কয়েকজনের সঙ্গে তাঁর পরিচয় ছিল। তবে তিনি এ সংগঠনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। মেসে কীভাবে হিযবুত তাহ্রীরের লিফলেট এল, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এক বড় ভাই এগুলো বিলি করার জন্য দিয়েছিলেন।
অবশ্য গ্রেপ্তার হওয়া চারজনই দাবি করেছেন তাঁদের শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।