হিযবুতের অনলাইন সম্মেলনে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের ইন্টারনেটে অনলাইন সম্মেলন আয়োজনে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলাচ্ছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ডিএমপির তথ্যকেন্দ্রে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।
আগে থেকে ঘোষণা দিয়ে গত ৪ সেপ্টেম্বর বিকেলে হিযবুত তাহ্রীর ‘খেলাফত আসন্ন...বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতির অবশ্যম্ভাবী পরিবর্তন’ শিরোনামে অনলাইন ‘রাজনৈতিক সম্মেলন’ আয়োজন করে। তার আগে এ নিয়ে তারা বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করে।
এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে এ সম্মেলনের ব্যাপারে হিযবুত তাহ্রীরের লোকজন প্রচারপত্র বিতরণ করে। তাদের এই কর্মকাণ্ড করার সময় অনেককে গ্রেপ্তারও করা হয়।
মনিরুল ইসলাম বলেন, ‘সম্মেলনের বিষয়টি আমরা জানতাম। হিযবুত তাহ্রীরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের জন্য এই সম্মেলনের ওপর নজরদারি করা হয়েছে। এ জন্য এটি বন্ধ করা হয়নি।’ তিনি বলেন, অনলাইন সম্মেলনটি ঢাকায় বসেই করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। এ সময় অনলাইনে ৭৪০ জন দর্শক-শ্রোতা লগইন করেছেন। এদের সবাই হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত নন। এতে হিযবুত তাহ্রীরের সদস্য ছিলেন চার শ জনের মতো। বাকিদের মধ্যে গোয়েন্দা সংস্থার সদস্য, গণমাধ্যমকর্মী ও উৎসুক লোকজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।