হিযবুতের উপদেষ্টা সন্দেহে আবাসন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাহমুদুল বারী (৪১)। তিনি সিলভার স্যান্ড রিয়েলিটি লিমিটেড নামের একটি আবাসন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মাহমুদুল বারী হিযবুত তাহ্রীরের জ্যেষ্ঠ উপদেষ্টা। মালয়েশিয়া যাওয়ার সময় মঙ্গলবার মধ্যরাতে তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মহাখালীর ডিওএইচএসে অবস্থিত তাঁর আবাসন কোম্পানির কার্যালয় থেকে নিষিদ্ধ হিযবুত তাহ্রীরের বিপুল পরিমাণ সাংগঠনিক বই, প্রচারপত্র, সরকারবিরোধী পোস্টার, পত্রিকা, ম্যাগাজিন, ল্যাপটপ, মুঠোফোন ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহ্রীরের দাওয়াতি ও সদস্য সংগ্রহ কার্যক্রমকে বেগবান করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কার্যক্রমের পাশাপাশি ‘প্রফেশনাল গ্রুপ’ নামে পৃথক একটি সাংগঠনিক কাঠামো রয়েছে। প্রফেশনাল গ্রুপের সদস্যরা এলাকাভিত্তিক সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও সদস্য সংগ্রহে প্রয়োজনীয় প্রচারণায় নেতৃত্ব দেন। এই গ্রুপের সদস্যরা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত। মাহমুদুল বারী এই গ্রুপের সদস্য। র‌্যাব দাবি করে, জিজ্ঞাসাবাদে মাহমুদুল বারী বলেছেন, হিযবুত তাহ্রীরের রাজনৈতিক উপদেষ্টা শেখ তৌফিক তাঁর ঘনিষ্ঠ বন্ধু।