হিযবুতের তিন কর্মী গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত সংগঠন হিযুবত তাহ্রীরের তিনজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে কাঁটাবন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূরে আলম মুহাম্মদ শিহাবউদ্দিন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের আবদুল মতিন এবং তেজগাঁওয়ের ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ মুহিবুল্লাহ।পুলিশ জানায়, বেলা দুইটার দিকে কাঁটাবন জামে মসজিদের সামনে হিযবুত তাহ্রীরের নেতা-কর্মীরা হঠাৎ ব্যানার বের করে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেন। এ সময় নিউ মার্কেট থানার পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া ওই তিনজন কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিউ মার্কেট থানার অপারেশন কর্মকর্তা মোস্তাজিরুর রহমান বলেন, থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।