হিযবুতের সাত সদস্য রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের সাত সদস্যকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম আতাউল হক এ আদেশ দেন।
এই সাতজনের মধ্যে একরামুল খায়ের, আবদুল কাইয়ুম, নাজমুল হাসান, ইব্রাহীম ও রাশেদুল ইসলাম শেখকে খিলক্ষেত থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এবং আরিফুল ইসলাম ও এ এস এম তারেক আমিনকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের একটি মামলায় রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
হিযবুত তাহ্রীরের সাত সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলন করে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গত শনিবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আরিফুল ও তারেক আমিনকে গ্রেপ্তার করা হয়। তারপর রাত ১১টার দিকে একই এলাকা থেকে বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে লিফলেট, জিহাদি বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ৪ সেপ্টেম্বর অনলাইন সম্মেলন করেছে হিযবুত তাহ্রীর। সেই অনলাইন সম্মেলনের ওপর নজরদারি করছিলেন পুলিশ কর্মকর্তারা। সেখানে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তারই অংশ হিসেবে গত শনিবার ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।