হিরনের মরদেহ বরিশালে আজ নাগরিক শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মরদেহ বরিশালে পৌঁছেছে। আজ শুক্রবার নগরের বঙ্গবন্ধু উদ্যানে নাগরিক শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ দাফন করা হবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে শওকত হোসেনের মরদেহবাহী হেলিকপ্টারটি বঙ্গবন্ধু উদ্যানে অবতরণ করে। ঢাকা থেকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, শওকত হোসেনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ ও তাঁদের দুই সন্তান মরদেহ নিয়ে আসেন। বেলা সাড়ে তিনটায় মরদেহ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাংসদ তালুকদার মো. ইউনুস, পঙ্কজ দেবনাথ প্রমুখ। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নগরের আলেকান্দা এলাকায় তাঁর বাসভবনে।
জানা গেছে, দলীয় নেতা-কর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য আজ সকাল ১০টা থেকে শওকত হোসেনের মরদেহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রাখা হবে। বেলা আড়াইটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে বঙ্গবন্ধু উদ্যানে। এর আগে সেখানেই অনুষ্ঠিত হবে জুমা ও জানাজা। পরে মরদেহ বরিশাল মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
শওকত হোসেনের মৃত্যুতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে পালন করা হচ্ছে তিন দিনের শোক। জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও সাত দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে। স্থগিত করা হয়েছে পয়লা বৈশাখের সব অনুষ্ঠান। গত বুধবার সকালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন শওকত হোসেন।