হিরনের স্মরণে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন হিরন, যিনি আধুনিক বরিশালের রূপকার। শওকত হোসেন হিরনের হাতে সাজানো সৌন্দর্য নগর আজ অন্যেরা সাজিয়েছে। তবে তা বর্ণিল নয়। কালো কাপড়ের মোড়কে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীর আয়োজন উপলক্ষে ওই সাজসজ্জা।
গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ দিন ধরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক এবং স্থানে স্থানে তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন বিলবোর্ড স্থাপন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। গতকাল সকাল ছয়টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করে। এরপর কালোব্যাজ ধারণ করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নগরের সর্বস্তরের মানুষ। নগরের সব ব্যবসাপ্রতিষ্ঠানে শোভা পায় কালো পতাকা।
সকাল নয়টায় অনুষ্ঠিত হয় শোক শোভাযাত্রা। শোভাযাত্রা নগরের সড়ক প্রদক্ষিণ শেষে মুসলিম গোরস্থানে গিয়ে শওকত হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন করে। নগরের ৩০টি ওয়ার্ডে দিনব্যাপী চলে কোরআনখানি, মিলাদ এবং দোয়া মোনাজাত। দুপুর ১২টায় সাবেক মেয়রের এক সময়ের কর্মক্ষেত্র সিটি করপোরেশনে শোক পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিতকরণসহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।