ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রাক্কালে আগামী বছরের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘হিরন্ময়ী অ্যালামনাই মেলবন্ধন’। এ উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনলাইন নিবন্ধন কার্যক্রম।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে এই নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় সংগঠনের সভাপতি রকীব উদ্দীন আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা খালেক, মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে আজ ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০১৫ পর্যন্ত। এ জন্য যোগাযোগ করতে হবে অ্যালামনাইয়ের ওয়েবসাইটে (www.duaa-bd.org)। নিবন্ধন ফি জমা দেওয়া যাবে বিকাশ, ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে। এ ছাড়া প্রতিদিন (শুক্রবার ছাড়া) দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে গিয়ে সরাসরি নিবন্ধন করা যাবে। যোগাযোগ করা যাবে অ্যালামনাই সভাপতির (০১৭১১০৪৮৮৮২) সঙ্গেও।