মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়া হিরোয়ি মিয়াতা (৬১) জাপানি নাগরিক কি না, এ নিয়ে ঢাকায় জাপান দূতাবাস সন্দেহ প্রকাশ করেছে বলে জানিয়েছে পুলিশ। অথচ গত ১৯ নভেম্বর জাপান দূতাবাসের একজন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় তাঁদের নাগরিক হিরোয়ি মিয়াতা নিখোঁজ বলে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশ বলেছে, ওই জিডির তদন্তের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করে। এ মামলায় পাঁচজনকে ২৪ নভেম্বর ও অপরজন জাকিরুল ইসলাম পাটোয়ারীকে গতকাল রোববার যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আগে গ্রেপ্তার করা পাঁচজন রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন। হিরোয়ির মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার ও ডিএমপি কমিশনারের মুখপাত্র মো. মনিরুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, হিরোয়ি মিয়াতা জাপানি নাগরিক কি না, এ নিয়ে জাপান দূতাবাস তাদের সন্দেহের কথা পুলিশকে জানিয়েছে। এ কারণে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ প্রতিবেদন পাওয়া গেলে তাঁর নাগরিকত্বের বিষয়ে সুরাহা হবে। এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ বলেছে, জাপান দূতাবাসের ভাইস কনসাল কসুকি মাতসুনাগা জাপানে অবস্থানরত হিরোয়ি মিয়াতার মায়ের কাছ থেকে তাঁর নিখোঁজ থাকার তথ্য পেয়ে ১৯ নভেম্বর এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় জিডি করেন। এই জিডির তদন্ত করতে গিয়ে উত্তরা পূর্ব থানার পুলিশ জানতে পারে, ২৯ অক্টোবর হিরোয়িকে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি হোটেল থেকে সুকৌশলে অপহরণ করে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে হত্যা করা হয়। পরে নাম-পরিচয়-নাগরিকত্ব গোপন করে হালিমা খাতুন পরিচয়ে তাঁকে উত্তরা ১২ নম্বর সেক্টরে সিটি করপোরেশন কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ২২ নভেম্বর উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অভিযান) মো. মিজানুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, এজাহারভুক্ত ছয় আসামি পরস্পর যোগসাজশে কৌশলে হিরোয়িকে অপহরণ ও হত্যার পর তাঁর পরিচয় গোপন করে লাশ গুম করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পরে আসামিরা তাঁর মালামাল চুরি করেছে। মামলার তদন্ত কর্মকর্তাও মিজানুর রহমান।
এজাহারে বলা হয়, জাপান দূতাবাসের কর্মকর্তারা মামলা করতে অনীহা জানানোয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তিনি (মিজানুর রহমান) এই মামলার বাদী হন।
পুলিশের কর্মকর্তারা বলেছেন, পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়ে ২৪ নভেম্বর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন জাপান দূতাবাসের অনুরোধে বাতিল করা হয়েছিল।
উত্তরা পূর্ব থানার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নির্দেশে ২৭ নভেম্বর কবর থেকে হিরোয়ির লাশ তুলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়। তাঁর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে। জাপান দূতাবাসের কোনো সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত মরদেহ ওই হিমঘরে রাখা হবে।
ময়নাতদন্তকারী কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ মর্গের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, হিরোয়ির মরদেহে পচন ধরেছে। তাঁর শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর হৃৎপিণ্ড ঢাকা মেডিকেল কলেজে মর্গে, সোয়াব ও পাকস্থলীর ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।
পুলিশের কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার করা আসামিরা বায়িং হাউসের ব্যবসা করতেন। হিরোয়িকে জাপানসহ বিভিন্ন দেশের বায়িং হাউসের মালিকদের সঙ্গে ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। তাঁরা এ জন্য কয়েক বছর ধরে উত্তরার ওই হোটেলে হিরোয়ির কক্ষের ভাড়াও দিয়েছেন। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার পাঁচজন বলেছেন, ২০০৬ সালে হিরোয়ির বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হয়। ২৭ অক্টোবর তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে তাঁকে পাশের একটি ওষুধের দোকান থেকে স্যালাইন ও ওষুধ কিনে খাওয়ানো হয়। অবৈধভাবে বাংলাদেশে থাকছেন বলে তাঁকে কোনো হাসপাতালে নিতেও সাহস করেননি তাঁরা। ডায়রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।