হিরোয়ি মিয়াতার লাশ উত্তোলনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়নাতদন্তের জন্য জাপানি নারী হিরোয়ি মিয়াতার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তদন্তের স্বার্থে ওই নারীর লাশ উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক উজির আলী প্রথম আলোকে এ সব তথ্য নিশ্চিত করেন ।

আদালতের আদেশে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি মোতাবেক একজন জেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে তাঁর লাশ উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, আদেশের কপি ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে একজন নির্বাহী নিয়োগ করা হবে। এসব প্রক্রিয়া শেষে কবর থেকে লাশ তোলা হবে।

পুলিশ ঘটনাটিকে আপাতত হত্যার ঘটনা হিসেবে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত হতে পারবেন বলে জানান আবু বকর মিয়া।

প্রায় ২৪ দিন ধরে মিয়াতা নিখোঁজ ছিলেন উল্লেখ করে ১৯ নভেম্বর জাপান দূতাবাসের এক কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় জিডি করেন। পরে জানা যায়, ২৯ অক্টোবর মিয়াতা মারা গেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর ধরে ঢাকায় ছিলেন হিরোয়ি। দীর্ঘদিন ধরে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে থাকতেন। ঢাকার কয়েক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া জাপান সরকারের পেনশনও পেতেন।

পুলিশ জানায়, ১৯ নভেম্বর জাপান দূতাবাসের একজন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় হিরোয়ি মিয়াতা নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে বলা হয়, জাপানে থাকা তাঁর মা দূতাবাসকে মিয়াতার নিখোঁজের বিষয়ে জানান। মিয়াতার মা দূতাবাসকে জানিয়েছেন, ২৬ অক্টোবরের পর থেকে মিয়াতার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। ওই জিডির সূত্র ধরে পুলিশ মিয়াতার থাকার জায়গা সিটি হোমস হোটেলে যায়। সেখান থেকে মিয়াতার পরিচিত আরও কয়েকজনের সঙ্গেও কথা বলে পুলিশ। এ পর্যায়ে মিয়াতার পরিচিত দুই পোশাক ব্যবসায়ী পুলিশকে জানান, ২০০৬ সালে তাঁর বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হয়। অবৈধভাবে উত্তরার সিটি হোমস হোটেলে দীর্ঘদিন ধরে থাকতেন তিনি। হোটেলে মিয়াতার অনেক টাকা বিল জমে যাওয়ায় আড়াই মাস আগে তাঁরা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় মিয়াতার থাকার ব্যবস্থা করে দেন। সেখানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়। ২৭ অক্টোবর তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে তাঁকে পাশের একটি ওষুধের দোকান থেকে স্যালাইন ও ওষুধ কিনে খাওয়ানো হয়। অবৈধভাবে বাংলাদেশে থাকছেন বলে তাঁকে কোনো হাসপাতালে নিতেও সাহস করেননি তাঁরা। মৃত্যুর বিষয়টি তাঁর মাকে জানানো হয়। পরে বনানীর ১২ নম্বরে সিটি করপোরেশন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। পরে উত্তরার ১২ নম্বর সেক্টরে সিটি করপোরেশন কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

আরও পড়ুন :