হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ের নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই দিনব্যাপী দশম কেন্দ্রীয় কাউন্সিল গতকাল মঙ্গলবার নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে শেষ হয়েছে। খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের শেষ দিনে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক নিজ নিজ বিভাগের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। উপস্থিত কাউন্সিলররা সাংগঠনিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন। পরে শেষ অধিবেশনে ১৫ সদস্যবিশিষ্ট
নতুন কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে নিরুপা চাকমা, সাধারণ সম্পাদক পদে মাদ্রী
চাকমা ও সাংগঠনিক সম্পাদক পদে রীনা চাকমাকে নির্বাচিত করা হয়।
কল্পনা চাকমা অপহরণকারীদের বিচারের দাবি: হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অপহরণের তদন্ত রিপোর্ট নিয়ে টালবাহানা বন্ধের দাবিতে হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভরস্থ ঠিকাদার সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নিরুপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও পার্বত্য নারী সংঘের সদস্য কাজলী ত্রিপুরা প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ তুলে বলেন, কল্পনা চাকমা অপহরণের ১৮ বছরেও সরকার চিহ্নিত অপহরণকারীদের গ্রেফতার ও বিচার করেনি। এত বছরে কল্পনা চাকমার হদিস দেওয়া তো দূরের কথা, অপহরণের তদন্ত রিপোর্ট দিতেও সরকার নানা টালবাহানা করছে। নানা অজুহাতে চিহ্নিত অপরাধীদের বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে। কল্পনা চাকমার ভাইয়ের ডিএনএ টেস্টের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করা হয়েছে।