হিল উইমেন্স ফেডারেশনের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই দিনব্যাপী দশম কেন্দ্রীয় সম্মেলন গতকাল সোমবার খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় ঠিকাদার সমিতির হলরুমে শুরু হয়েছে।
‘সমাজে নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতি ও প্রতিক্রিয়াশীলতা রোধে বলিষ্ঠ ও দায়িত্বশীল নারী নেতৃত্ব গড়ে তুলি’ স্লোগান নিয়ে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কণিকা দেওয়ান। উদ্বোধনী সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমা, পার্বত্য নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত নারী ধর্ষণ, হত্যার ঘটনা ঘটেই চলেছে। গত শুক্রবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপ্রু মারমা নামের এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অন্যদিকে সেনা-বিজিবি ক্যাম্প স্থাপনের নামে চলছে ভূমি বেদখলের মহোৎসব। সম্প্রতি দীঘিনালায় জমি অধিগ্রহণের নামে রাতের আঁধারে বিজিবি কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখল করা হচ্ছে। এ ছাড়া পর্যটনকেন্দ্র নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন চটকদার উন্নয়নের নামে সরকার পাহাড়ি জনগণকে নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে।
বক্তারা আরও বলেন, সরকার পঞ্চদশ সংশোধনীতে পাহাড়িদের সাংবিধানিক স্বীকৃতি তো দেয়ইনি, বরং পাহাড়িদের বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়া হয়েছে।