হিল উইমেন্স ফেডারেশনের ১০ নেত্রী মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরের বনরূপা সমতাঘাট থেকে অপহূত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের ১০ নেত্রীকে গত সোমবার দিবাগত রাতে ছেড়ে দেওয়া হয়েছে।অপহরণের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে সদর উপজেলার কুতুকছড়িতে সভায় অপহরণ ঘটনায় জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের জড়িত থাকার অভিযোগ করা হয়। বড় মহাপুরুম উচ্চবিদ্যালয় ফটকের সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও সাংগঠনিক সম্পাদক তাপু চাকমা। এরপর হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটির জেলা সভাপতি যুথিকা চাকমার সাংবাদিকদের কাছে দেওয়া ভাষ্যমতে, গত সোমবার ঢাকায় যাওয়ার উদ্দেশে তাঁরা নানিয়ারচর থেকে ইঞ্জিনচালিত দেশীয় নৌকায় করে শহরের সমতাঘাটে আসেন। এ সময় জেএসএস-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের একদল কর্মী তাঁদের বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তাঁরা কয়েকটি অটোরিকশায় করে শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাঙাপানি এলাকার লিচুবাগান স্থানে তাঁদের ১০ জনকে ধরে নিয়ে যায়। সেখানে ২০ থেকে ২৫ জন অপহরণকারী জড়ো হয়। যুথিকা চাকমা বলেন, ‘রাত ১০টার দিকে অপহরণকারীরা খবর পায় আমাদের খোঁজে পুলিশ ও সেনাসদস্যরা তল্লাশি শুরু করেছেন। এ সময় তিনজন ছাড়া সবাই ওই স্থান ত্যাগ করে। আমাদের হুঁশিয়ার করে বলা হয়, কেউ পালাতে চেষ্টা করলে গুলি করে হত্যা করা হবে। এরপর আমাদের বিভিন্ন পাহাড় ডিঙিয়ে মোনঘর এলাকায় নেওয়া হয়। রাত একটার দিকে সেখানে অচেনা কয়েকজন লোক এসে আমাদের দায়িত্ব নেয়। রাত দুইটার দিকে আমাদের রাঙামাটি জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমার বাড়িতে নিয়ে তাঁর জিম্মায় দেওয়া হয়। বৃষকেতু চাকমা বলেন, ‘সোমবার রাতে অপহরণকারী ও অপহূতরা আমাকে বিষয়টির মীমাংসা করতে বলেন। এ কারণে অপহূত ১০ মেয়েকে আমার হেফাজতে আনতে বলি।’ জনসংহতি সমিতির ব্যাখ্যা: জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা অপহরণের ঘটনার সঙ্গে তাঁদের কোনো নেতা-কর্মীর জড়িত থাকার কথা আবারও অস্বীকার করেছেন। তিনি গতকাল প্রথম আলোয় প্রকাশিত তাঁর বক্তব্যের ব্যাখা দিয়েছেন। ভুল বোঝাবুঝির কারণে অপহরণ ঘটনা ঘটলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তাঁর যে বক্তব্য ছাপা হয়েছে, তা ঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, কোনো সন্ত্রাসী দল যদি অপহরণ করে, তাহলে তাঁরা সহযোগিতা করবেন বলে তিনি বলেছিলেন।