হিলারিকে এ দেশে আনা আমার স্বপ্ন ছিল: মজীনা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার ও গভীর করবে।হিলারির ৫ ও ৬ মের বাংলাদেশ সফরের প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল শনিবার সাংবাদিকদের এ কথা বলেন। বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী তরুণ ‘নেতৃত্ব সম্মেলন-২০১২’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে এসে এ কথা বলেন তিনি।রাষ্ট্রদূত মজীনা সাংবাদিকদের বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিয়ে আসা ছিল তাঁর স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবে হচ্ছে বলে তিনি খুবই খুশি। সাংবাদিকদের তিনি জানান, হিলারি ক্লিনটন সরকার ও রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন।বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এই তরুণ সম্মেলনের আয়োজন করেছে। মার্কিন দূতাবাস এর পৃষ্ঠপোষক। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস।অনুষ্ঠানে লিখিত বক্তব্যে মজীনা বলেন, আগামী এক কিংবা দুই দশকের মধ্যে এই দেশ সোনালি বাংলাদেশে পরিণত হবে। তবে এ দেশকে মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তোলা সহজ কাজ নয়। চৌকস, শিক্ষিত, নিবেদিতপ্রাণ তরুণসমাজই এটা করতে পারে।তৈরি পোশাকশিল্পসহ বাংলাদেশের সম্ভাবনার খাতগুলোর কথা তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। সভাপতির বক্তব্যে মিজারুল কায়েস বলেন, দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য দরকার সোনার মানুষ। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ কাউন্সিল সোনার মানুষ গড়ার কাজ করছে। সমাপনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কেমব্রিজ লিডারশিপ অ্যাসোসিয়েটসের সহ-প্রতিষ্ঠাতা মার্টি লিন্সকি। তিনি তরুণদের নেতৃত্বের চর্চা করার পরামর্শ দেন। বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ জানান, সম্মেলনে সারা দেশ থেকে সাড়ে ৪০০ তরুণ অংশ নিয়েছে।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ গত শুক্রবার এ সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় অভিযোগ করেন, অধিকাংশ ব্যবসায়ী তাঁদের জীবন ও ব্যবসার স্বার্থে একশ্রেণীর রাজনীতিবিদকে টাকা দিতে বাধ্য হন। এ কে আজাদ বলেন, ‘অধিকাংশ রাজনীতিবিদ আমাদের টাকায় চলেন। নিজেদের অস্তিত্বের স্বার্থে আমাদের এ টাকাটা দিতে হয়। আমরা স্বেচ্ছায় এটা করি না।’