হিলারির বিজয় চেয়ে যশোরে প্রার্থনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে আপনজন মনে করেন যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দারা। তাই নির্বাচনে হিলারির বিজয় প্রার্থনা করে গতকাল মঙ্গলবার তাঁর জন্য দোয়া-আশীর্বাদ করেছেন তাঁরা।
যুক্তরাষ্টের ফার্স্ট লেডি থাকার সময় ১৯৯৫ সালে বাংলাদেশ সফরের সময় ৩ এপ্রিল হিলারি ওই গ্রামে যান। তিনি পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিশুদের শিক্ষার খোঁজখবর নেন।
পাঁচবাড়িয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরিয়ম খাতুন বলেন, ‘হিলারিকে দেখতে সেদিন হাজার হাজার মানুষ স্কুল প্রাঙ্গণে জমায়েত হয়েছিল। সেদিন আমি পঞ্চম শ্রেণির ইংরেজির ক্লাস নিচ্ছিলাম।’
চতুর্থ শ্রেণির পাঠদানের সময় সহকারী শিক্ষক রিজিয়া খাতুন হিলারির সামনে শিক্ষার্থীদের ওরস্যালাইন তৈরির পদ্ধতি দেখান। এসব দেখে তিনি খুবই খুশি হয়েছিলেন। শিশুদের কাছে ডেকে তিনি আদরও করেছিলেন। আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের পরিদর্শন খাতায় নিজের মন্তব্যও লিখেছিলেন হিলারি।
সহকারী শিক্ষক সালেহা খাতুন বলেন, ‘খুবই সাদাসিধে মানুষ হিলারি। আমাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। আমাদের স্কুল কেউ চিনতে না পারলে বলি, হিলারির স্কুল।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাহমুদা আক্তার বলেন, ‘আমরা মনে-প্রাণে দোয়া করছি হিলারি যেন জয়ী হন। আমরা গর্বিত যে তাঁর মতো এত বড় মাপের মানুষ আমাদের বিদ্যালয়ে এসেছিলেন।’