হিলি বন্দরে পণ্য পরিবহন বন্ধের হুমকি
দিনাজপুরের হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছেন ভারতের ট্রাক চালক ইউনিয়ন। চালক-সহকারীদের নিরাপত্তাসহ ছয় দফা দাবি আগামীকাল সোমবারের মধ্যে আদায় না হলে তারা এ ধর্মঘটের হুমকি দিয়েছে। এতে হিলি স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস ও বন্দর-বিষয়ক সম্পাদক জামিল হোসেন প্রথম আলোকে জানান, ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আজ রোববার লিখিতভাবে বাংলাদেশের হিলি পানামা পোর্ট লিংক কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন।
এদিকে আজ রোববার সারা দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
জামিল হোসেন জানান, ভারতের ট্রাক চালক ইউনিয়নের দাবিগুলো হলো—পানামা পোর্ট লিংক থেকে তাদের খালি ট্রাকগুলো ভারতীয় সময় সকাল সাতটার মধ্য ছেড়ে দেওয়া; এক্সপোর্ট-ইমপোর্ট চলা সময়ে কোনো খালি ট্রাক ভারতে প্রবেশ না করানো; সরকারি নিয়ম অনুযায়ী রপ্তানি পণ্যবাহী ট্রাকগুলো তিন দিনের মধ্য খালি করে ভারতে প্রেরণ করা; পানামা পোর্ট লিংকের মধ্য ভারতীয় ট্রাকপ্রতি সরকারি রেটের চেয়ে বেশি টাকা কোনোভাবেই না নেওয়া; ভারতীয় পণ্যবাহী ট্রাকের সব চালক ও খালাসির (চালকের সহকারী) নিরাপত্তার সুবন্দোবস্ত করা; চালক-চালকের সহকারীদের টয়লেটের ব্যবস্থা করা এবং ভারতীয় চালক-হেলপারদের সঙ্গে ভালো ব্যবহার করা এবং তাঁদের শারীরিকভাবে অত্যাচার করা থেকে বিরত থাকা।
এ ব্যাপারে হিলি পানামা পোর্ট লিংকের সহব্যবস্থাপক এস এম হায়দার বলেন, ভারতীয় ট্রাক চালক ইউনিয়নের দাবিগুলো মিথ্যা, অযৌক্তিক। সরকারি বিধিবিধান না জানার কারণে ভ্রান্ত ধারণার ওপর ভারতীয় ট্রাক চালক ইউনিয়ন এসব অযৌক্তিক দাবি তুলেছে।
এদিকে জামিল হোসেন আরও জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখার জন্য বিষয়টির সুরাহার জন্য কাল সোমবার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে।