হিলি রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে গত বৃহস্পতিবার রাতে আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। ট্রেনটি নীলফামারীর চিলাহাটি থেকে রাজশাহীতে যাচ্ছিল।
কয়েকজন যাত্রী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে বিরামপুর স্টেশন থেকে ছেড়ে আসার পর ট্রেনটিতে ঝাঁকুনি হচ্ছিল। পরে হিলি রেলস্টেশনে ট্রেনটি থেমে যায়। ট্রেনের চালক মিজানুর রহমান বলেন, ইঞ্জিনের ভেতরের একটি মোটর নষ্ট হয়ে যাওয়ায় সেটি বিকল হয়ে পড়ে।
হিলি রেলস্টেশনের মাস্টার এমদাদুল হক বলেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে রাত পৌনে আটটার দিকে এখানে এসে থেমে যায়। ট্রেনটির এখানে কোনো যাত্রাবিরতি ছিল না। পরে রাত সোয়া ১১টার দিকে পার্বতীপুর লোকোশেড থেকে একটি ইঞ্জিন এসে বিকল ট্রেনটিকে রাজশাহীর উদ্দেশে নিয়ে যায়।