হিলি রেলস্টেশনে সমস্যার শেষ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী হিলি রেলস্টেশন জনবল-সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। ফলে স্টেশনের কার্যক্রম ব্যাহত হওয়ায় যাত্রীসেবার মানও কমেছে। তার পরও রেলস্টেশনটি গত ছয় মাসে বেশি আয় করেছে। যাত্রীরা অভিযোগ করেন, এই রেলস্টেশন দিয়ে বিভিন্ন রুটে ট্রেন চলাচল করায় প্রতিদিনই যাত্রীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে রেলের আয়ও বাড়ছে। কিন্তু যাত্রীসেবার মান বাড়েনি। বাসের তুলনায় ভাড়া কম এবং ট্রেন ভ্রমণ নিরাপদ হওয়ার কারণে যাত্রীরা ট্রেনমুখী হলেও সময়সূচি অনুযায়ী ট্রেনগুলো বিলম্বে চলাচল করছে। সময় অনুযায়ী ট্রেনগুলো চলাচল করলে যাত্রীর সংখ্যা আরও বাড়বে। তাঁরা আরও জানান, রেলস্টেশনে যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের রোদ-বৃষ্টির মধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এ ছাড়া যাত্রীদের বিশ্রামাগার ও শৌচাগার থাকলেও ব্যবহারযোগ্য নয়। প্ল্যাটফর্মটিও থাকে প্রায় সময় নোংরা। এসব কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।হিলি রেলস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি রেলস্টেশন দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় আপ-ডাউনে ২০টির মতো আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল করে আসছে। এর মধ্যে সাতটি আন্তনগর ট্রেন রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৭ হাজার ১০৯ জন যাত্রীর বিপরীতে সাত লাখ ৪৪ হাজার ৬৮০ টাকা এই স্টেশন থেকে টিকিট বিক্রি করে টাকা আয় হয়েছে। হিলি স্থলবন্দরের ব্যবসায়ী হানিফ লস্কর ও কমলেশ কুমার চক্রবর্তী বলেন, এখানে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর অবস্থিত, এ কারণে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা ব্যবসা করতে আসেন। তাই এই রেলস্টেশনটিকে উন্নতমানের একটি রেলস্টেশনে উন্নীত করা দরকার। ব্যবসায়ীদের ব্যবসার সুবিধার্থে এখানে ঢাকা ও খুলনাগামী আন্তনগর ট্রেনগুলো যাত্রাবিরতির দাবি জানান তাঁরা।ট্রেনের যাত্রী অমল ঘোষ ও শমসের আলী জানান, শুধু তিতুমীর ট্রেনই নয়, এই রুটে চলাচলকারী সব ট্রেনই নির্ধারিত সময়ের অনেক পর আসে। এমনকি কোনো ট্রেন তিন-চার ঘণ্টা পরও আসে। রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র শুভ সাহা ও হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র আবু কায়ছার রানা বলেন, ‘হিলির অনেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজে অধ্যয়নরত। এই স্টেশনে সকালে শুধু রাজশাহীগামী বরেন্দ্র এবং রাজশাহী থেকে নীলফামারীগামী তিতুমীর ট্রেন দুটি থামে। বিকেলে ট্রেন দুটি না থামায় আমাদের দুর্ভোগে পড়তে হয়। স্টেশনে যাত্রী ছাউনি না থাকায় অনেক সময় বৃষ্টিতে স্টেশনমাস্টারের কক্ষে গিয়ে আশ্রয় নিতে হয়।’স্টেশনের পয়েন্টসম্যান মো. আমজাদ আলী বলেন, ছয়জন পয়েন্টসম্যানের স্থলে আছে মাত্র তিনজন। এ কারণে স্টেশনের সব কাজ করা সম্ভব হয় না। তাই যাত্রীদের অভিযোগ করাটা অসম্ভব কিছু নয়। স্টেশনমাস্টার পি এম এমদাদুল ইসলাম গতকাল শনিবার সকালে প্রথম আলোকে বলেন, ‘আমি ছাড়াও এখানে আমার সহকারী দুজন স্টেশনমাস্টার থাকার কথা। কিন্তু নাই। সারা দেশে স্টেশনমাস্টার সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে আমাকে টিকিট বিক্রিসহ সব কাজ করতে হচ্ছে। দুই পোর্টার এবং একজন বুকিং সহকারীর পদও শূন্য আছে। এ কারণে যাত্রীসেবায় কিছুটা সমস্যা হতে পারে।’তিনি আরও বলেন, সীমান্তঘেঁষা স্টেশনটি হওয়ায় এখানে সান্ধ্য আইনের কারণে সকালে তিনটি ছাড়া বিকেলে চলাচলকারী অন্য ট্রেনগুলো থামে না। নিজের টাকা খরচ করে সুইপার দিয়ে স্টেশনের বিশ্রামাগার, শৌচাগার পরিষ্কার করা হয়। তবে স্টেশনে যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে বলে তিনি মনে করেন।