হিলি সীমান্তে নারী ও শিশুসহ আটজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে নারী ও শিশুসহ আটজনকে আটক করা হয়েছে৷ গতকাল বুধবার হিলি মহিলা কলেজ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এলাকাবাসী তঁাদের আটক করে পুলিশে সোপর্দ করেন৷ ভারতে পাচারের জন্য তাঁদের হিলিতে আনা হয় বলে পুলিশ ধারণা করছে৷
আটক ব্যক্তিরা হলেন তৈয়বা বেগম (৩৫) ও তাঁর তিন ছেলে হামিদ হোসেন (১২), হামিদুল হক (১০), মাহামুদুল হক (৮) এবং মেয়ে নুর ফাতেমা (৫); নূর ছালাম (৪৫) ও তাঁর স্ত্রী তৈয়বা খাতুন (৩৫) এবং ছেলে ছালাম (৬)৷
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ওই আটজন বাসে করে হিলির পাঁচবিবি বাসস্ট্যান্ডে নামেন৷ এরপর তাঁরা হিলি মহিলা কলেজ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন৷ তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন৷ পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়৷
থানায় তৈয়বা সাংবাদিকদের জানান, তাঁরা জীবিকার সন্ধানে হিলিতে এসেছেন৷ নূর ছালাম জানান, তিনি এক পরিচিত ব্যক্তির বাড়িতে বাস করার জন্য হিলিতে এসেছেন৷ এ ব্যাপারে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, ওই ব্যক্তিরা তাঁদের সঠিক ঠিকানা বলছেন না৷ বিষয়টি সন্দেহজনক৷