হিলি সীমান্তে নিহত ভারতীয় ব্যবসায়ীর লাশ হস্তান্তর
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি, ভারতীয় চোরাকারবারি ও বিএসএফের মধ্যে গুলিবিনিময়ের সময় নিহত ভারতীয় ‘অস্ত্র ব্যবসায়ী’ ব্রিটনের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি পুলিশ তাঁর লাশ হস্তান্তর করে।
গত বুধবার রাত নয়টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিয়ামুল হক ভারতের হিলি থানার উপপরিদর্শক (এসআই) সন্দীপ সুবার কাছে ব্রিটনের লাশ হস্তান্তর করেন। পরে ভারতীয় পুলিশ নিহতের ভাই পরিতোষ বর্মণ ও ভাবি সুস্মিতা বর্মণের কাছে সেটি হস্তান্তর করে।
এ সময় সেখানে বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দর পাল, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি-৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে হিলি সীমান্তে একটি মালবাহী ট্রেনে ভারতীয় ‘অস্ত্র ব্যবসায়ী’ ব্রিটনের নেতৃত্বে চোরাকারবারিরা চোরাচালান পণ্য ওঠানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা এতে বাধা দিলে ব্রিটন কোমর থেকে পিস্তল বের করে বিজিবি সদস্যদের ওপর গুলিবর্ষণ করেন এবং এক বিজিবি সদস্যকে টেনে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় বিএসএফও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ব্রিটন গুলিবিদ্ধ হয়ে মারা যান।