হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই বড়ি জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল শনিবার ভোরে দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরণ বড়ি জব্দ করেছেন।
এ ব্যাপারে ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার জানান, হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার মোল্লাবাজার এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে ভারতীয় ৪০ হাজার যৌন উত্তেজক বড়ি জব্দ করে। অপরদিকে হিলি ক্যাম্পের বিজিবি সদস্যরা হাকিমপুর ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালিয়ে গরু মোটাতাজাকরণের ভারতীয় ১৯ হাজার ডক্সিন বড়ি এবং ১৮ হাজার ৯০০ প্রাকটিন বড়ি জব্দ করেছে।
অধিনায়ক আবদুর রাজ্জাক তরফদার জানান, জব্দ করা এসব বড়ির মূল্য প্রায় এক কোটি সাড়ে ২৭ লাখ টাকা৷
আবদুর রাজ্জাক তরফদার আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান জোরদার করা হয়েছে৷ এ কারণে সম্প্রতি বড় ধরনের বেশ কিছু চোরাচালান আটক করা সম্ভব হয়েছে৷ রোজা সামনে রেখে এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান৷